দেশে হামের প্রকোপ অব্যাহত, নতুন মৃত্যু ৯

দেশে হামের প্রকোপ অব্যাহত, নতুন মৃত্যু ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৫:১৯

আপডেট: ৯ মে, ২০২৬ ১৫:২৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শনিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯১ জন।

এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৯ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও জনসচেতনতা বাড়ানো জরুরি।