রাষ্ট্রপতির বিদেশ সফর এবং দেশে প্রত্যাবর্তনের সময় অনুসরণীয় রাষ্ট্রীয় প্রটোকলে পরিবর্তন এনেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় ও অভ্যর্থনা জানাতে উপস্থিত ব্যক্তিদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ৪ মে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে মোট সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন— মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।
এর আগে ২০১৭ সালের ১৬ মে জারি করা নির্দেশনায় বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
সরকারি সূত্রগুলো বলছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা আরও সংক্ষিপ্ত ও কার্যকর করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
আরো পড়ুন: