জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান দায়িত্ব: প্রধানমন্ত্রী

জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান দায়িত্ব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১০:২২

আপডেট: ১০ মে, ২০২৬ ২২:২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতার প্রথম প্রহরে পুলিশের রক্তে রঞ্জিত রাজারবাগের মাটিতে দাঁড়িয়ে নতুন শপথ নেওয়ার সময় এসেছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একদিকে চট্টগ্রামে মেজর জিয়ার ‘উই রিভোল্ট’, অন্যদিকে রাজারবাগে পুলিশের মরণপণ প্রতিরোধ—এই দুই ঘটনা স্বাধীনতাকামী মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।

তিনি বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় বিপুলসংখ্যক সেনা সমাবেশের মধ্যেও কেন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্র করা হয়েছিল, সেটি এখনো গবেষণার বিষয় হতে পারে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আজকের বর্ণিল প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মমর্যাদা এবং উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রতিফলন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকার গঠিত হয়েছে। জনগণ এখন শান্তি ও নিরাপত্তা চায়, আর তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।