বাংলাদেশে ১৬ হাজার কিলোমিটার নৌপথ রয়েছে: মন্ত্রী

বাংলাদেশে ১৬ হাজার কিলোমিটার নৌপথ রয়েছে: মন্ত্রী
ছবি: পিআইডি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ২০:২১

আপডেট: ১০ মে, ২০২৬ ২০:২৮

নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 'বাংলাদেশে ন্যাচারালি ১৬ হাজার কিলোমিটার নৌপথ রয়েছে। এর মধ্যে সাড়ে ৭ হাজার কিলোমিটার সচল আছে। ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথকে ড্রেজিংয়ের মাধ্যমে সকল সচল রাখার চেষ্টা করা হচ্ছে। আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌ পথকে সচল করার সুযোগ আছে।'

রোববার রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ পরিহন অধিদপ্তর আয়োজিত নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, 'সারাদেশে নৌপথ সচল রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে। নৌ যাত্রা নিরাপদ করতে এই সংস্থাগুলোর প্রত্যেকটিকে কার্যকর করা হবে।'

তিনি বলেন, '৫৩ বছরে সারাদেশে ৫৩ হাজার কিলোমিটার সড়ক পথ তৈরি করা হয়েছে। আর বাংলাদেশের ন্যাচারালি ১৬ হাজার কিলোমিটার নৌপথ আছে, যা আমাদের জন্য আশীর্বাদ।'

তিনি আরও বলেন, 'এ বিশাল নৌপথকে কার্যকর করা গেলে সড়ক পথের ওপর চাপ অনেকটা কমে আসবে। মালামাল পরিবহন অনেকটা সহজ হবে।'

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর সফিউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া, কোস্ট গার্ডের অতিরিক্ত মহাপরিচালক কমোডোর আফজাল হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার সভাপতি বদিউজ্জামান বাবুল প্রমুখ।