পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে “পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর” উদ্বোধন এবং “এডুকেশন এক্সপো ২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
তিনি আরও বলেন, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এবং সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার মাধ্যমে উপকৃত হতে পারেন। এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
এহছানুল হক মিলন জানান, পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে। আল্লামা ইকবাল স্কলারশিপ সফলভাবে বাস্তবায়িত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন ঢাকা ছাড়াও রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামে শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।
তিনি আরও জানান, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: