পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন জুবাইদা রহমান। তিনি বলেন, নারীরা পরিবার ও সমাজ উন্নয়নের কেন্দ্রীয় শক্তি হিসেবে স্বাস্থ্য, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সোমবার (১১ মে) রাজধানীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, কন্যা শিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিটি মেয়ের স্বপ্ন বাস্তবায়নের পথে রাষ্ট্রীয় ব্যবস্থা কোনো বাধা নয়, বরং সহায়ক হওয়া উচিত।
তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন সম্ভব।
নারী উদ্যোক্তা উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, স্বনির্ভরতার জন্য ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন সহায়তা ও বিপণন সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে পারলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারও সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে পুলিশ নারী কল্যাণ সমিতির সকল সদস্যকে আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান জুবাইদা রহমান।
আরো পড়ুন: