পুলিশ বাহিনীর কেউ চেইন অব কমান্ড ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে। থানায় সেবা নিতে আসা কেউ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। প্রতিটি সদস্যের আচরণে রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন থাকতে হবে।
তিনি আরও বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই ধারণা শুধু স্লোগান নয়, বাস্তব কাজে প্রতিফলিত হতে হবে।
মন্ত্রী জানান, পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। কেউ শৃঙ্খলা ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও তদন্ত কাজে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। ভবিষ্যতে সব পর্যায়ে এসব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অপরাধ যাতে ঘটতে না পারে, সে জন্য প্রোঅ্যাক্টিভ পুলিশিংয়ে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার অপরাধ প্রতিরোধে সহায়ক হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাইবার অপরাধ, গুজব ও অপপ্রচার মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো সময়ের দাবি হয়ে উঠেছে। পাশাপাশি টুরিস্ট পুলিশের সক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে।
বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আরো পড়ুন: