হামের টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় বর্তমানে রোগ পরিস্থিতি খারাপ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১১ মে) সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের পর নির্ধারিত সময়ে টিকা কার্যক্রম চালু না থাকায় হামের সংক্রমণ বেড়েছে। চার বছর পরপর হামের টিকা দেওয়ার কথা থাকলেও তা নিয়মিতভাবে কার্যকর হয়নি।
তিনি আরও বলেন, যেসব শিশুকে টিকা দেওয়া হচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।
মন্ত্রী জানান, সরকারের হাতে পর্যাপ্ত হামের ভ্যাকসিন ছিল না, তবে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি টিকিট কাউন্টারে একজন কর্মীকে অনুপস্থিত পেয়ে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসকদের হাজিরা খাতাও পর্যালোচনা করেন।
আরো পড়ুন: