দেশে বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৬

দেশে বাড়ছে হাম, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৫:৩৩

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৪১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৬ হাজার ৯৩৭ জনের হাম শনাক্ত হয়েছে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩১ হাজার ৯৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করাই সংক্রমণ নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ।