প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় বড় সংস্কার আসছে: প্রধানমন্ত্রী

প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় বড় সংস্কার আসছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১১:৫৪

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি আধুনিক, উদ্ভাবননির্ভর ও গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত “বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত কারিকুলাম নতুনভাবে সাজানো হচ্ছে। পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে।”

তিনি জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তারেক রহমান বলেন, উদ্ভাবনে পিছিয়ে থাকলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকার মেধা পাচার রোধ করে দেশেই মেধা ধরে রেখে উন্নয়নকে এগিয়ে নিতে চায়।

প্রধানমন্ত্রী যোগ করেন, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারবে।