হামের কারণে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

হামের কারণে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৩:৩৫

দেশে হামের সংক্রমণ ও টিকা সংকটের কারণ খতিয়ে দেখতে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, টিকার ঘাটতি বা অবহেলার কারণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কী কারণে টিকার সংকট তৈরি হলো, টিকা বিতরণে কোনো অবহেলা ছিল কি না—এসব বিষয় তদন্তের আওতায় আনা হবে।

তিনি বলেন, “দায়সারাভাবে কাউকে দায়ী করার জন্য নয়, বরং প্রকৃত কারণ উদঘাটনের জন্যই এই তদন্ত করা হবে। অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, হামের চিকিৎসা ও নিয়ন্ত্রণে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হবে। টিকার বাইরে থাকা শিশুদের দ্রুত কর্মসূচির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। টিসিবির ট্রাক সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আগামী ১৯ মে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির প্রতারণা নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

জ্বালানির মূল্য সমন্বয়ের কারণে নৌপরিবহনের ভাড়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, অতীত সরকারের সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের ঘটনাগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, কারণ এসব অপরাধ কখনোই তামাদি হয় না।

তিনি জানান, জনগণের স্বার্থবিরোধী পুরনো সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

জ্বালানি খাতে সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারিতে ২০৩০ সাল পর্যন্ত একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, যার মাধ্যমে বছরে ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের সক্ষমতা তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষা খাতে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব দেওয়া হবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।