বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে। তবে বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এরই মধ্যে মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত কয়েকজন পুলিশ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। বাহিনীতে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলী হোসেন ফকির আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনআস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং বাহিনীতে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসছে।
তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন। তাদের সময়ের বিভিন্ন উদ্যোগ দেশের পুলিশ বাহিনীকে আধুনিক ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন আইজিপি।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। একইসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত সদস্যদের সাহস, নিষ্ঠা ও পেশাদারত্ব বাহিনীর ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
শেষে পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে দেশের কল্যাণে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি।
আরো পড়ুন: