সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ২১:১৮

রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজের আদালতে মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

মঙ্গলবার কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২১ জুন নতুন দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ অগাস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- নিউ মার্কেট থানার একটি হত্যা মামলার আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বৈদেশিক মুদ্রা রাখছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককালে আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে, সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ দিরহাম, ১৩ লাখ উজবেক সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ ব্রিটিশ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৩ সেপ্টেম্বর নিউ মার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদি হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।