সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১২:৫০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ১৯৬৬ সালে লাহোরের একটি ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।