বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) আরও শক্তিশালী করতে চীনা প্রতিষ্ঠান Sinovac Biotech ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব টিকা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাতে টিকা সংক্রান্ত কাগজপত্র তুলে দেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি সাওপেং এবং Sinovac Biotech-এর চিফ বিজনেস ডিরেক্টর লি নিং।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনুদানকৃত ৭৬ হাজার ৬১৬ ভায়াল (প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ) পোলিও ভ্যাকসিন ইতোমধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের জন্য সরবরাহ করা হবে।
সিনোভ্যাকের তৈরি পোলিও (ইনঅ্যাক্টিভেটেড সেভিন স্ট্রেইন) ভ্যাকসিন ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশন অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠানটি এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের কর্মসূচিতেও এই ভ্যাকসিন সরবরাহ করেছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এই অনুদান বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে এবং শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিনোভ্যাকের চিফ বিজনেস ডিরেক্টর লি নিং বলেন, বাংলাদেশে পোলিও নির্মূল কার্যক্রমকে সহায়তা করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত। ভবিষ্যতেও বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই অনুদান ইপিআই কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সহায়তা করবে।
আরো পড়ুন: