প্রত্যন্ত অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে রেল লাইন সম্প্রসারণ হচ্ছে: ডেপুটি স্পিকার

প্রত্যন্ত অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে রেল লাইন সম্প্রসারণ হচ্ছে: ডেপুটি স্পিকার
ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৯:৪৯

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, 'দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহকে আধুনিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে রেলপথ সম্প্রসারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। রেল লাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।'

বুধবার নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন এবং সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোঁড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।'

তিনি বলেন, 'নেত্রকোণার দুর্গাপুর অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশে জারিয়া ঝাঞ্জাইল হতে দুর্গাপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ একটি সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই রেল লাইন সম্প্রসারণের কাজ বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।'

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'এটি (ঝাঞ্জাইল) ১০৮ বছর পুরানো একটি স্টেশন। কিন্তু ১০৮ বছর আগে যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়নেই যেন সবকিছু থেমে আছে। আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, রেল প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় এই দীর্ঘস্থায়ী স্থবিরতার অবসান ঘটবে। নেত্রকোণার এই সম্ভাবনাময় অঞ্চলেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।'

তিনি বলেন, 'গত নির্বাচনে এ অঞ্চলের মানুষের কাছে বিদ্যমান রেল লাইনের উন্নয়ন ও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি আশা করছি, এই এলাকার মানুষ এর সুফল পাবেন, ইনশাআল্লাহ।'

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি, বণিক সমিতির সভাপতি, উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা জামায়াতের আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।