ওমানে একসঙ্গে ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যু

ওমানে একসঙ্গে ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১১:৪৮

ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশি চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা দেশে থাকা আরেক ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে বের হয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে স্থানীয়রা একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গাড়ির এসি চালু অবস্থায় গ্যাস লিকেজ বা বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুইজনের দেশে ফেরার কথা ছিল। দেশে থাকা আরেক ভাইয়ের বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটার জন্য তারা একসঙ্গে বের হয়েছিলেন।

লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব জানান, ওমানে অবস্থানরত স্থানীয় প্রবাসীদের মাধ্যমে তারা ঘটনার খবর পান। পরে জানা যায়, কেনাকাটার উদ্দেশ্যে বের হওয়ার পর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতর তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার পর স্থানীয়রা পুলিশকে অবহিত করে এবং পরে মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহগুলো রুস্তাক থানার হেফাজতে রয়েছে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য মাস্কাটে নেওয়ার প্রস্তুতি চলছে।