জাতিসংঘ প্রেসিডেন্ট হলে পূর্ণকালীন দায়িত্বের অঙ্গীকার ড. খলিলুর রহমানের

জাতিসংঘ প্রেসিডেন্ট হলে পূর্ণকালীন দায়িত্বের অঙ্গীকার ড. খলিলুর রহমানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১২:৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, নির্বাচিত হলে জাতিসংঘ সনদ সমুন্নত রাখা, ছোট প্রতিনিধিদলগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া এবং মতভেদ থাকা সত্ত্বেও ঐকমত্য গড়ে তোলাই হবে তার প্রধান অগ্রাধিকার।

বুধবার (১৩ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে ছয়টি গুরুত্বপূর্ণ পরিকল্পনা তুলে ধরেন।

ড. খলিলুর রহমান বলেন, শান্তিরক্ষায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ও কার্যকর পদ্ধতি গ্রহণের পক্ষে তিনি কাজ করবেন। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন ঘাটতি, ঋণ ব্যবস্থাপনা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক তহবিলকে শক্তিশালী করা এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

রোহিঙ্গা সংকট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি মানবাধিকার রক্ষা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের প্রতি আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান।

ডিজিটাল প্ল্যাটফর্মের ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি জাতিসংঘ সংস্কারকে সময়ের দাবি হিসেবে তুলে ধরেন।

প্রচারণা বক্তব্য শেষে প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. খলিলুর রহমান।