থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ হবে: বেবিচক চেয়ারম্যান

থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ হবে: বেবিচক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৪:১২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বাটজা) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এ সময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান উন্নত করতে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা থাকায় বিমানবন্দরের যানবাহন জট কমবে।

তিনি আরও বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক সংক্রান্ত বড় কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে রিপিটার বসিয়ে কাভারেজ আরও বাড়ানো হবে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ বন্ধ থাকা আটটি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।