সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি ছয় জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে।
এছাড়া ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আরো পড়ুন: