লক্ষ্মীপুরের উন্নয়ন পরিকল্পনা জানালেন পানি সম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরের উন্নয়ন পরিকল্পনা জানালেন পানি সম্পদ মন্ত্রী
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ২২:৩৯

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, 'ইউনিয়নভিত্তিক উন্নয়ন হবে। কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। পাশাপাশি সরকারের লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অর্থনৈতিক জোন করার পরিকল্পনা রয়েছে। দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা করতে হবে।'

শুক্রবার লক্ষ্মীপুরে নিজ বাসভবনে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। 

তিনি বলেন, 'গত ১৭ বছর লক্ষ্মীপুরসহ দেশের মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছিল। সেটা থেকে আমাদের বের হতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। কেউ যেন উন্নয়ন থেকে বঞ্চিত ও বঞ্চনার শিকার না হয় সে দিকে সরকারের নজর রয়েছে।'

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, 'চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি দেশের উন্নয়ন করতে পারে।'

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা ও বিআরডিবির চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান ও হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ বক্তব্য দেন।