শিল্প-সাহিত্য ও চলচ্চিত্র সভ্যতার গুরুত্বপূর্ণ ‘সফট প্রোডাক্ট’: তথ্যমন্ত্রী

শিল্প-সাহিত্য ও চলচ্চিত্র সভ্যতার গুরুত্বপূর্ণ ‘সফট প্রোডাক্ট’: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১২:৩৪

জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনে শিল্পীদের উদ্দেশে নতুন দিকনির্দেশনা দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শুধু চলচ্চিত্র আন্দোলন নয়, বরং সমাজ পরিবর্তনের জন্যও একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা বিপ্লব করতে চাই—এ কথা বলিনি, আমরা পরিবর্তন করতে চাই। আমাদের রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে হবে। দেশের গৌরবময় ইতিহাস যেমন মানুষ দেখেছে, তেমনি সংকট ও দুরাবস্থার অভিজ্ঞতাও জাতিকে আরও প্রজ্ঞাবান করেছে।”

তিনি আরও বলেন, কার্যকর মতবিনিময় ও চিন্তার সংযোগ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। “চাইলেই কেউ কালজয়ী নেতা বা কালজয়ী শিল্পী হতে পারেন না,” বলেন তিনি।

শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রকে সভ্যতার গুরুত্বপূর্ণ ‘সফট প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের চিন্তাশক্তিই সমাজকে পরিচালিত করে, আর এই প্রক্রিয়ায় চলচ্চিত্রকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, কিছু কাজ মানবকল্যাণের তাগিদ থেকে করা হয়, আর বিত্ত অর্জনের উদ্দেশ্য ভিন্ন বিষয়। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে যুক্তদের এ বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করা প্রয়োজন।

রাষ্ট্র এখনও শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের প্রতি পর্যাপ্ত মানবিক হতে পারেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম হলেও অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় সহায়তা যথাযথভাবে পৌঁছায়নি।

তবে রাষ্ট্রের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র আন্দোলনের রোডম্যাপ শুধু শিল্প আন্দোলনেই সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনের লক্ষ্যেও হওয়া উচিত। তবে কোনো গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে নয়, কারণ এতে অনেক সময় তা প্রোপাগান্ডা হয়ে যেতে পারে।