টিকিট বিক্রির ৩০ মিনিটেই রেলওয়ের সাইটে এক কোটি ২৭ লাখ হিট

টিকিট বিক্রির ৩০ মিনিটেই রেলওয়ের সাইটে এক কোটি ২৭ লাখ হিট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৩:১৩

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রার দ্বিতীয় দিনের অর্থাৎ ২৬ মে’র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শনিবার (১৬ মে) সকাল ৮টায় শুরু হয়।

টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে এক কোটি ২৭ লাখ হিট হয়েছে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৬ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩২ হাজার ৭২৯টি। সারা দেশের ট্রেনগুলোর মোট আসন সংখ্যা এক লাখ ৭৪ হাজার ২৬৬টি।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসন বিক্রি হয়েছে। একই সময়ে সারা দেশে মোট ২৪ হাজার ২৯৩টি আসন বিক্রি হয়েছে।

বেলা পৌনে একটার দিকে ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী রুটের পাঁচটি ট্রেনের সব আসন, ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি, ঢাকা-কুড়িগ্রাম রুটের দুটি, ঢাকা-দিনাজপুর রুটের তিনটি এবং ঢাকা-খুলনা রুটের তিনটি ট্রেনের সব আসন ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

এদিকে একই দিনে দুপুর ২টায় পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট নির্ধারিত সময়ে অনলাইনে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট রিফান্ডযোগ্য নয়।

যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট পরবর্তীতে বিক্রি করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে।