ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা ফারাক্কা চুক্তি নবায়নের মধ্য দিয়েই প্রমাণিত হবে। তিনি আরও বলেন, চুক্তির মেয়াদ শেষে বাংলাদেশকে স্বার্থ রক্ষা করে নবায়ন প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।
তিনি বর্তমান সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।
দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। কোনো চক্রান্ত-ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পানি ও পরিবেশ সংকটের পাশাপাশি দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পানি ও পরিবেশ সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক সমস্যাও বাড়ছে, যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া নয়, তবে কোনোভাবেই দাসত্বের সম্পর্কও গ্রহণযোগ্য নয়।
আলোচনা সভায় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান।
আরো পড়ুন: