১৫৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

১৫৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১২:২৫

বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশে পৌঁছান বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১৭ মে) হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার (১৬ মে) দিবাগত রাত পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী গেছেন।

সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। মৃত্যুর মধ্যে ১২ জন মক্কায় এবং ৪ জন মদিনায় মারা যান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।