ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৭ জুন

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৭ জুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৩:৩৩

ঢাকার আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১৭ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন করে তারিখ নির্ধারণ করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। পরে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন।

আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এরপর ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয়।

পরবর্তীতে চলতি বছরের ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে বাদী নারাজি আবেদন করেন। আদালত তা গ্রহণ করে অধিকতর তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে।

বর্তমানে মামলায় ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক রয়েছেন বলে জানা গেছে।