তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শ্রম আইন, করনীতি ও আর্থিক জবাবদিহি না মেনে কেউ গণমাধ্যমের মালিক হতে পারবে না। তিনি বলেন, গণমাধ্যম খাতে স্বচ্ছতা ও সুশৃঙ্খল কাঠামো নিশ্চিত করতে কঠোর নীতিমালা প্রয়োজন।
রোববার (১৭ মে) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি)-এর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা কর ফাঁকি বা অসৎ উদ্দেশ্যে গণমাধ্যম ব্যবহার করেছেন, তাদের জন্য একটি জবাবদিহিমূলক কাঠামো বাধা হয়ে দাঁড়াবে। লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রেও শ্রম আইন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অতীতে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যা গণমাধ্যম ও মানবাধিকার প্রতিষ্ঠানের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।
তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম খাতে এখনো পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, টিআরপি ও পত্রিকার প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টনের বর্তমান পদ্ধতি পুনর্বিবেচনা করা হবে এবং আরও স্বচ্ছ ডিজিটাল পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।
আরো পড়ুন: