দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক্ষাপটে আড়াই দশকের বেশি সময় ধরে চলা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।
রিটে বলা হয়, হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্ত করা প্রয়োজন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের আবেদনও করা হয়েছে।
রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফুল ইসলাম। নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিতে বলা হয়।
রিটে অভিযোগ করা হয়েছে, দেশে হামের পুনরায় ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং বহু শিশু চিকিৎসাধীন রয়েছে।
রিটে যাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।
আরো পড়ুন: