সড়কে বিশৃঙ্খলার জন্য দায়ী অদক্ষ চালক: সেতুমন্ত্রী

সড়কে বিশৃঙ্খলার জন্য দায়ী অদক্ষ চালক: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৫:৫৭

বাংলাদেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য চালকের অদক্ষতা, অসচেতনতা ও ত্রুটিযুক্ত যানবাহন দায়ী বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

রোববার (১৭ মে) রাজবাড়ীতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ এবং গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, চালকদের স্বেচ্ছাচারিতা, জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যান চলাচলের কারণেও দুর্ঘটনা বাড়ছে। এসব সমস্যা সমাধানে সরকার ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, চোখ ও রক্তচাপ পরীক্ষা, মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এর ফলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এসময় গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস দুর্ঘটনাসহ জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬২ জনের মধ্যে মোট ২ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।