মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।
রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ঘটনার সময় পাশের কক্ষে একাই ছিলেন মিষ্টি বাড়ৈ। প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আরো পড়ুন: