নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
সোমবার (১৮ মে) সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. কাউসার (৩০) মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে দগ্ধ অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এর আগে শঙ্কর (২৫) ও মো. আমির (২৫) মারা যান। সর্বশেষ কাউসারের মৃত্যুর মাধ্যমে মৃতের সংখ্যা তিনে দাঁড়াল।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, নিহত কাউসারের শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল। আহতদের মধ্যে যাদের দগ্ধ কম ছিল, তাদের ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন।
এর আগে বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকার জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় বিদ্যুৎকেন্দ্রটির ১২ জন কর্মী দগ্ধ হন।
আরো পড়ুন: