ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকায় পৌঁছাবে।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে মরদেহগুলো বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় নেওয়া হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি মঙ্গলবার ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবে। একই ফ্লাইটে নিহতদের পরিবারের একজন সদস্যও দেশে ফিরবেন।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি জানান, মরদেহ দেশে পাঠানোর সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও ওমান কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত সময়ে এই কার্যক্রম শেষ করা হয়।
তিনি আরও জানান, সরকারের উদ্যোগে মরদেহ পরিবহনের কার্গো খরচ বহন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রবাসী সংগঠনের পক্ষ থেকে দাফন ও আনুষঙ্গিক খরচও বহন করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বুধবার সকালে মরদেহ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে ওমানের আল বাতিনাহ এলাকায় গাড়িতে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়।
আরো পড়ুন: