অপরাধ ব্যক্তিগত দায়, পুরো বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ ব্যক্তিগত দায়, পুরো বাহিনীর নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৫:৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনো কর্মকর্তা অপরাধ করলে সেটি তার ব্যক্তিগত দায়, পুরো বাহিনীর নয়। যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও এসেছে।

তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন কিংবা নতুন কোনো এলিট ফোর্স গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিগত সরকার র‌্যাবকে দলীয় কাজে ব্যবহার করেছে। আমরা চিন্তা করছি, নতুন কোনো এলিট ফোর্স গঠন করা যায় কি না, অথবা র‌্যাবকে পরিবর্তন করা যায় কি না। প্রয়োজনে দেশ র‌্যাবকে নতুন রূপে দেখতে পাবে।”

মন্ত্রী জানান, র‌্যাবের কাঠামো বা নাম পরিবর্তন করা হলে আন্তর্জাতিক অঙ্গনে বাহিনীটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সরকার মনে করছে।