ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে সারাদেশে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি জরুরি সেবা সম্প্রসারণে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রক্রিয়াও চলছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশন থাকলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুরোনো স্টেশন পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃজনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, যারা জীবন ও সম্পদ রক্ষায় সর্বদা ঝুঁকি নিয়ে কাজ করে। তাদের পেশাদারিত্ব ও ত্যাগের কারণে জনগণের আস্থা অর্জন করেছে এই বাহিনী।
তিনি আরও জানান, বাহিনীর আধুনিকায়নে জনবল বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন, আবাসন সুবিধা এবং অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স সেবা চালু করা হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০২৫ সালে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, হাজারো সড়ক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম এবং লাখো মানুষের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এছাড়া দায়িত্ব পালনকালে চলতি বছর ৩ জন ফায়ার সার্ভিস সদস্য নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী।
আরো পড়ুন: