তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে। নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত সরকারের উদাসীনতার কারণে দেশে হামের বিস্তার ঘটেছে এবং এর খেসারত জাতিকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করেছে। পাশাপাশি শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।
গণমাধ্যম খাত প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে।
তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধকেন্দ্রিক। তবে এতে পানি সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। এজন্য প্রধানমন্ত্রী মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী প্রকল্পে সংশোধনী এনে পরে তা চূড়ান্ত করা হবে।
আরো পড়ুন: