ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার হয়রানি ও দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সেবা দেওয়া জনগণের প্রতি করুণা নয়, বরং এটি রাষ্ট্রের দায়িত্ব। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিরোধ ও হয়রানি কমানো সম্ভব।
তিনি আরও বলেন, জমির মালিকানা জটিলতা, খাজনা, নামজারি, খতিয়ানসহ বিভিন্ন প্রক্রিয়া আগে মানুষকে ভূমি অফিসে গিয়ে করতে হতো। তবে ডিজিটাল ব্যবস্থার ফলে এখন এসব সেবা সহজ হচ্ছে।
সরকারপ্রধান জানান, ভূমি ব্যবস্থাপনায় অনলাইন সেবা চালু হওয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমবে এবং নাগরিকরা দ্রুত সেবা পাবেন।
তিনি আরও বলেন, দেশে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা বেশি হওয়ায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ও গ্রাম আদালত ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভূমি শুধু সম্পদ নয়, এটি মানুষের নিরাপত্তা ও জীবিকার ভিত্তি। তাই এই খাতকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
আরো পড়ুন: