লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭০ জন বাংলাদেশি। মঙ্গলবার (১৯ মে) ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। এতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকার।
ফিরে আসা অধিকাংশ বাংলাদেশি দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হন বলেও অভিযোগ রয়েছে।
ঢাকায় বিমানবন্দরে তাদের সরকারি কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা স্বাগত জানান। আইওএম তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, পথখরচ এবং অস্থায়ী সহায়তা প্রদান করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবপাচার বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ চালিয়ে যাচ্ছে।
আরো পড়ুন: