হাম রোগীদের জন্য আলাদা কেবিন চালু বাধ্যতামূলক

হাম রোগীদের জন্য আলাদা কেবিন চালু বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৫:৫৬

দেশজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন চালু বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনাও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় সংক্রমণ নিয়ন্ত্রণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিতে পাঁচ দফা নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড বা কেবিন চালু করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এছাড়া হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় জানানো হয়।

পাশাপাশি ভর্তি হওয়া রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ, পৃথক চিকিৎসা ব্যবস্থা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।