সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হাম উপসর্গে নয় জন ও নিশ্চিত হামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন। এছাড়া, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে সাত হাজার ৯২৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৫৮৬।
উল্লেখিত সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৪৩ হাজার ৯৮৩ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪০ হাজার ৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারাদেশে ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত ভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৪৭ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া, বরিশালে ১৫, চট্টগ্রামে আট, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দু'জন করে মৃত্যুবরণ করেছে।
সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ১৫৮ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৭৮ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৩৮, চট্টগ্রামে ৩৭, ময়মনসিংহে ৩৪, বরিশালে ২৯, খুলনায় ২০ ও রংপুরে চার জন প্রাণ হারিয়েছে।
Tag:
আরো পড়ুন: