পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ২০:৪০

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাস না হওয়া অধ্যাদেশগুলো পর্যালোচনার প্রক্রিয়া চলছে।'

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, 'বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের যোগদানসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী রোববার সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে।'

তিনি বলেন, 'জাতীয় সমস্যাগুলো মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে।'

এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, যেভাবে তেলের সমস্যা সমাধান হয়েছে, একই ভাবে সরকার ও বিরোধী দল মিলে বিদ্যুতের সমস্যারও সমাধান করা হবে।  

দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান নূরুল ইসলাম মনি।