নিজ বাড়িতে ফিরলো ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ

নিজ বাড়িতে ফিরলো ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১০:৫৭

ওমানে গাড়িতে বিষক্রিয়ায় মারা যাওয়া চার প্রবাসী ভাইয়ের মরদেহ নিজ বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌঁছেছে।

বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের লালানগর এলাকার বাড়িতে মরদেহগুলো আনা হয়।

মরদেহ পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। চার ভাইয়ের মৃত্যুর খবরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় গাউছিয়া কমিটির সহযোগিতায় মরদেহগুলো গোসল করানো হচ্ছে। বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন নিহতদের একমাত্র জীবিত ভাই।

এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ দেশে ফেরার পর রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে গভীর শোক।