আগামী বাজেটে স্বাস্থ্যখাতে ১ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বাজেট পাস হলে দেশের হাসপাতালগুলোতে ধাপে ধাপে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে।
বুধবার (২০ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বরং নানা অনিয়ম ও দুর্নীতির কারণে খাতটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বাজেট বৃদ্ধি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ মাসের মধ্যে খুলনাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে নির্মাণাধীন অত্যাধুনিক পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে। এতে শিশুস্বাস্থ্যসেবায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাসপাতালের নিরাপত্তা জোরদারেও নতুন পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদের পর প্রতিটি উপজেলায় একজন প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ১০ সদস্যের নিরাপত্তা টিম মোতায়েন করা হবে। পাশাপাশি হাসপাতালের প্রতিটি ইউনিটে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।
পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের শৌচাগারসহ বিভিন্ন স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
জনবল সংকট নিরসনে ঈদের পর স্বাস্থ্যখাতে এক লাখ জনবল নিয়োগের কথাও জানান তিনি। নতুন নিয়োগে চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ অন্তর্ভুক্ত থাকবেন বলে জানান মন্ত্রী।
আরো পড়ুন: