রামিসা হত্যাকাণ্ড: এক সপ্তাহের মধ্যে রিপোর্ট চাইলেন আইনমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ড: এক সপ্তাহের মধ্যে রিপোর্ট চাইলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১২:২৫

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে এবং মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ মে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এ নির্দেশ দেওয়া হয়। সরকার দ্রুততম সময়ের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসায় শিশু রামিসা আক্তারকে কৌশলে ভেতরে নিয়ে যান অভিযুক্ত স্বপ্না। কিছু সময় পর শিশুটিকে খুঁজে না পেয়ে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা।

পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতরে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।

এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে জাকির হোসেন ওরফে সোহেল রানাকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে। মামলায় আরও একজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

ঘটনার পর স্বপ্নাকে আটক করে পুলিশ এবং পরে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় জাকির হোসেনকে। আদালত সূত্রে জানা গেছে, তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বুধবার (২০ মে) রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জানাজা সম্পন্ন হয়।