দেশে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন একটি বড় চ্যালেঞ্জ, তবে কমিশনের লক্ষ্য সহিংসতামুক্ত ভোট নিশ্চিত করা।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।”
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন করা সম্ভব হলেও স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা রোধ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সিইসি জানান, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করবে বলে তারা আশাবাদী।
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, কোনো নির্বাচনই সম্পূর্ণ নিখুঁত নয়, তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের তুলনায় সাম্প্রতিক নির্বাচনগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।
তিনি আরও বলেন, এসব নির্বাচন অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক হয়েছে, যেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
আরো পড়ুন: