গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কমিশন গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কমিশন গঠন করছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৫:৪৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং অপতথ্য মোকাবিলায় সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান-ও উপস্থিত ছিলেন।

বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি এ বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন এবং দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা Ofcom–এর অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, অফকমের অভিজ্ঞতা বাংলাদেশের গণমাধ্যম নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নে সহায়ক হতে পারে। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, সরকার একদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায়। এ ক্ষেত্রে সুইজারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহের কথাও জানান তিনি।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এটি বৈশ্বিক চ্যালেঞ্জও তৈরি করেছে। তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।