বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ২০:২৪

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদ-উল-আজহার নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। এ জামাতে মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।

পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।

আগামী ২৮ মে সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে।