ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তিদায়ক হবে: মন্ত্রী

ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তিদায়ক হবে: মন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ১৮:২৩

ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা স্বস্তিদায়ক হবে বলে দাবি করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম।

শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জন ও আহত ৩৩ জনের পরিবারের মাঝে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এমন দাবি করেন।

কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে, বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহতদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, 'ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার তা স্বস্তিদায়ক হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অল্প সময়ের মধ্যে আড়াই কোটি মানুষ ও কুরবানির পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। দেশের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার কারণে প্রতি বছরই ঈদযাত্রা কঠিন হয়ে পড়ে। তবে সবার সহযোগিতা, জনগণের সচেতনতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করা সম্ভব হবে।'

তিনি বলেন, 'ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করতে সরকার কাজ করছে। এছাড়া অন্যান্য মহাসড়ক উন্নয়নেও সরকার কাজ করছে।'

তিনি আরও বলেন, 'প্রতি বছর গড়ে প্রায় সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এর প্রধান কারণ চালকদের অদক্ষতা ও আনফিট যানবাহন। জনগণের অসচেতনতাও একটি কারণ। আমাদের এসব কমিয়ে আনতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনে সরকার কাজ করবে।'

বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, 'আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছি। দুর্ঘটনাপ্রবণ স্থান ও কারণ চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে দুর্ঘটনার পরিমাণও কমে আসছে।'

মন্ত্রীকে উদ্দেশ করে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমি জানতে চাই- সড়কে নিহতের প্রকৃত সংখ্যা কত? ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কত টাকা ব্যয় হয়েছে?'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag: