আগামী অর্থবছরেই যমুনার ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: মন্ত্রী

আগামী অর্থবছরেই যমুনার ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: মন্ত্রী
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ২১:৩০

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং জনগণের স্বার্থে আগামী অর্থবছর থেকেই যমুনা নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে।'

শুক্রবার টাঙ্গাইলের সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদী ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন তিনি।

পরে নদীর তীরবর্তী মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙনকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

মন্ত্রী বলেন, 'সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দিন-রাত কাজ করে যাচ্ছে। যমুনার ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই নিজে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন।'

‎তিনি বলেন, 'যমুনা নদীর ভাঙনে প্রতি বছর নদীপাড়ের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। টাঙ্গাইলের যমুনা নদীভাঙন কবলিত এলাকাগুলো সুরক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী অর্থবছরেই এর কার্যক্রম শুরু হবে।'

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।‎‎

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।