১৯৯টি ফ্লাইটে সৌদি পৌঁছালেন ৭৭ হাজারের বেশি হজযাত্রী

১৯৯টি ফ্লাইটে সৌদি পৌঁছালেন ৭৭ হাজারের বেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১২:৪৯

চলতি বছরের পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজারের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন।

শুক্রবার (২২ মে) মক্কা থেকে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

হজ অফিস সূত্রে জানা যায়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।

চলতি বছর তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্স ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী পরিবহন করেছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে সরকারি কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ৭৩ হাজার ৯৩৫ জন। মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে।

এর আগে ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ৪১৮ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করে।

সৌদি আরবের হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী।

হজযাত্রীদের চিকিৎসায় সৌদি মেডিকেল টিম এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীকে চিকিৎসা সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজারো হজযাত্রীকে তথ্য ও সহায়তা প্রদান করা হয়েছে।

আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।