শেরে বাংলা ছিলেন মুসলমানদের শিক্ষা ও মুক্তির অগ্রদূত: তথ্যমন্ত্রী

শেরে বাংলা ছিলেন মুসলমানদের শিক্ষা ও মুক্তির অগ্রদূত: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৪:৪৫

শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা, অধিকার ও সামাজিক মুক্তির প্রকৃত অগ্রদূত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেরে বাংলার হাত ধরেই এই অঞ্চলের কৃষকরা জমিদারদের শোষণ ও ঋণের জাল থেকে মুক্তি পেয়েছিল।

তথ্যমন্ত্রী আরও বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেরে বাংলা বাঙালি মুসলমানদের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগে ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে কৃষকদের ঋণের চাপ কমানো সম্ভব হয়েছিল এবং জমিদারি প্রথা বিলুপ্তির পথ সুগম হয়।

তিনি বলেন, শেরে বাংলার মূল রাজনৈতিক লক্ষ্য সফল হওয়ার পরও তিনি একজন মহান সমাজ সংস্কারক হিসেবে চিরকাল প্রাসঙ্গিক থাকবেন।

মন্ত্রী নতুন প্রজন্মের কাছে শেরে বাংলার কর্ম ও আদর্শ পৌঁছে দিতে গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।